বিশ্বে চাকরির বাজার আগের চেয়ে অনেক দ্রুত বদলে যাচ্ছে এবং এখনকার অনেক চাকরির অস্তিত্ত্ব শিগগিরই অদৃশ্য হয়ে যাবে।
এই পরিবর্তনের পেছনে প্রধান দুটি কারণের কথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে।
কারণ দুটি হল নতুন প্রযুক্তির উত্থান বা অটোমেশন এবং সবুজ ও টেঁকসই অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া।
বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতি শ্রমবাজারে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
ভাল খবর হল, নতুন প্রযুক্তি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। এতে একদিকে যেমন অনেক কর্মসংস্থানের খাত তৈরি হবে তেমন অনেক কর্মসংস্থান ধ্বংসও হয়ে যাবে।
সর্বোপরি, যখন একটি প্রতিষ্ঠান অল্প কর্মসংস্থানে বেশি অর্জন করতে পারে, তখন সেটা স্বাভাবিকভাবেই বেশি প্রসারিত হয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষকরা বলছেন, আগামী পাঁচ বছরে বর্তমান চাকরির বাজার প্রায় এক-চতুর্থাংশ বদলে যাবে।
সুতরাং একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রতিনিয়ত নতুন দক্ষতা শিখে সক্ষমতা বাড়ানোর কোনও বিকল্প নেই।
প্রধান দক্ষতা
কারিগরি জ্ঞান হল এমন এক প্রধান দক্ষতা যা নতুন চাকরির প্রতিযোগিতামূলক বাজারে টিঁকে থাকার জন্য অবশ্যই অর্জন করতে হবে।
এর অর্থ এই নয় যে প্রত্যেকেরই প্রোগ্রামিং ভাষা জানতে হবে বা মেশিন লার্নিং এর আদ্যোপান্ত সব বুঝতে হবে।
কিন্তু ভবিষ্যতে 'স্টেম' চাকরির চাহিদা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
ইংরেজি বর্ণমালার চারটি অক্ষর এস, টি, ই, এম - অর্থাৎ ‘স্টেম’ এর পূর্ণ অর্থ হল সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল এবং ম্যাথম্যাটিকস বা গণিত।
স্টেম শব্দটি মূলত এই চারটি স্বতন্ত্র কিন্তু একে অপরের সাথে প্রযুক্তিগতভাবে সম্পর্কিত শাখাগুলোকে একত্রে বোঝাতে ব্যবহৃত হয়।
সুতরাং আপনি যদি ভাবেন আপনার সন্তানের স্কুলে কোন বিষয়গুলোয় ফোকাস করা উচিত, তাহলে এর উত্তর হবে: গণিত, কম্পিউটার সায়েন্স, এবং ন্যাচারাল সায়েন্সেস।
ন্যাচারাল সায়েন্সেসের আওতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জৈব রসায়ন, সমুদ্র বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভূগোল, ভূ-বিজ্ঞান এই সব বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে।
এক কথায় ভৌত জগতের সাথে সম্পর্কিত বিজ্ঞানের শাখাই হল ন্যাচারাল সায়েন্সেস।
এরপর যে বিষয়ে দক্ষতা অর্জনে মনোযোগ দিতে হবে তা হল অ্যানালিটিকাল থিংকিং বা বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা।
বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা বিকাশের জন্য, আপনাকে আপনার জ্ঞানার্জনের ক্ষমতাকে ঘষেমেজে উন্নত করতে হবে।
যেন আপনার মন এবং মনন একটি বিষয়ের ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন ব্যাখ্যা লক্ষ্য করতে পারে।
বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তু একটার সাথে আরেকটির সংযোগ স্থাপন করতে পারে এবং এমন এক সিদ্ধান্তে উপনীত হতে পারে যেখানে আবেগ বা ব্যক্তিগত পছন্দের কোনও প্রভাব নেই।
এভাবে নিজের জ্ঞান আহরণের ক্ষমতাকে আরও শাণিত করতে হবে।
এই সক্ষমতা অর্জনের জন্য কোনও একটি বিষয়ে মনোযোগ এবং একাগ্রতা ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য মনকে প্রশিক্ষিত করা প্রয়োজন।
কারণ আজকাল বিভিন্ন গ্যাজেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম এবং বিজ্ঞাপনের কারণে আমাদের মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কেন না এসব বিষয়ে সংযুক্ত না থাকলে আমাদের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় সৃষ্টি হয়। যাকে অনেকে বলেন 'ফিয়ার অফ মিসিং আউট'।
অ্যানালিটিকাল স্কিলস বা বিশ্লেষণধর্মী দক্ষতার মধ্যে রয়েছে কৌতূহল এবং প্রতিনিয়ত নিজেকে স্ব-শিক্ষিত করে তোলার বিষয়টি।
এভাবে ক্রমাগত নিজেকে উন্নত করতে এবং শিখতে, আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস ধরে রাখা আয়ত্ত করতে হবে।
উচ্চ স্তরের ইংরেজি ভাষা শেখাও অত্যন্ত মূল্যবান একটি দক্ষতা।
এছাড়া সৃজনশীলতাও বেশ জরুরি। বিজ্ঞান, প্রকৌশল, নকশা বা শিল্পে, যে ব্যক্তি প্রযুক্তিগত দক্ষতার সাথে সৃজনশীলতাকে এক করতে পারবেন তারই পদোন্নতি পাওয়ার সুযোগ বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যোগাযোগ এবং সহানুভূতি অত্যন্ত মূল্যবান দুটি দক্ষতা।
যন্ত্র যত দ্রুত বিকাশ লাভ করুক না কেন, মানুষের সব সময়েই আরেকজন মানুষের প্রয়োজন হবে এবং মানুষের প্রতি মানুষের মনোযোগ, সবাই মিলে কাজ করা, একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, গল্প করা, পাশে থাকা এবং সহানুভূতির মূল্য দিন দিন বাড়তেই থাকবে।
২০২০ সালে প্রকাশিত লিঙ্কড-ইনের একটি প্রতিবেদন অনুসারে, যোগাযোগ ইতিমধ্যেই আজকের চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতা হয়ে উঠেছে।
“কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের ব্যবহার, রিমোট ওয়ার্কফোর্স বা দূরবর্তী চাকরিজীবীদের হার বেড়ে যাওয়া এবং প্রযুক্তির ক্রমবিকাশ হওয়ার সাথে সাথে আমরা সারা বিশ্বের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারছি।"
"এতো মানুষের সাথে কথা বলতে বা তাদের কথা শুনতে জানা এবং তাদের সাথে সংযোগ তৈরি করার চেয়ে কখনই কোনও কিছু গুরুত্বপূর্ণ ছিল না”, বলেছেন প্রতিভা এবং কর্মক্ষেত্রে সংযোগ স্থাপন বিশেষজ্ঞ ড্যান নেগ্রোনি।




0 Comments