শেখ হাসিনা সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন: মো শাহজাহান

শেখ হাসিনা সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন: মো শাহজাহান

শেখ হাসিনা একদলীয় পারিবারিক শাসন ব্যবস্থা চালু রাখতে সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মো. শাহজাহান বলেন, ‘শেখ হাসিনা আর নেত্রী নয়, হত্যা মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন। তার সমর্থনে যারা মোবাইলে বিভিন্ন অপপ্রচার করছেন অচিরেই তাও ফিকে হয়ে যাবে।’

তিনি বলেন, ‘দেশের ছাত্র-জনতা ও বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের এ বিশাল অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বর্তমান সরকারও আমাদের আন্দোলনের ফসল। তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের ডালপালা আরও বাড়তে পারে।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র-জনতা, মেহনতি মানুষ ও বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা ও সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এ অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারও বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোনো দুশ্চিন্তা-কুচিন্তা না করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’

গণজমায়েতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার।

এতে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পরে মো. শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

0 Comments